সংবাদ

‘ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে’

শ্রমিকবান্ধব দেশ গঠনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম নগর ইউনিটের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ, তাই দীর্ঘ ষোলো বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। আমরা আশা করছি, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই শ্রমিকজনতা ও সর্বস্তরের নাগরিকদের সচেতনতার সাথে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকদের জীবন ও রক্তের অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এই শহিদ ও আহতদের ত্যাগ-কুরবানি তখনই সার্থক হবে, যদি আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, শ্রমিকবান্ধব ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

‘এই শ্রমিকবান্ধব বাংলাদেশ পরিগঠনে আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ম্যান্ডেট দিতে হবে।  আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শ্রমিকজনতা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে অবিস্মরণীয় ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।’

ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগরের সাবেক সভাপতি অধ্যাপক আহছানুল্লাহ ভূইয়া, প্রধান উপদেষ্টা পরিবেশবিদ নজরুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক জাফর সাদেক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক।

বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর সহ-সভাপতি নজির হোসেন,মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান দোকান, হোটেল শ্রমিকসহ অত্র প্রতিষ্ঠান শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ, সাপ্তাহিক ও জাতীয় ছুটি কার্যকর করার দাবি জানান।

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button