খাগড়াছড়িতে ত্রিপুরা-মারমাদের বিক্ষোভ পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণ দাবি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য, অর্থ বরাদ্দে অনিয়ম এবং বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে বিক্ষুব্ধ ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কণ চাকমা আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য ও অর্থ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বরাদ্দ করছেন, যা সরাসরি বৈষম্যের সৃষ্টি করছে।
বক্তারা এমন বৈষম্যমূলক বণ্টনের কড়া প্রতিবাদ জানান। তারা হুঁশিয়ারি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কণ চাকমাকে তাদের পদ থেকে অপসারণ না করলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে এবং অবরোধ কর্মসূচি পালন করবে।
খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, উজ্জ্বল মারমা, মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।



